মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের রংপুর-টু-বদরগঞ্জ সড়কের মুন্সির মোড় শেখপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মোক্তারুল ইসলাম (২৭)। তিনি মধ্য পীরজাবাদ মুন্সির মোড় শেখপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আকতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারুল ইসলামের নিজ বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে বিছানার চাদরের নিচ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
