মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার

নওগাঁর মান্দা উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চকভবানী গ্রামের ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আনোয়ার হোসেন (৩৬)।
পুলিশ জানায়, একটি তেলবাহী লরি থেকে গভীর রাতে ডিজেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি লরি, পাঁচটি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়িও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।
আটক আনোয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি সিরাজগঞ্জ ডিপো থেকে প্রায় ৮ হাজার লিটার তেল নিয়ে এসেছিলেন। এর মধ্যে পাঁচ ব্যারেল তেল বিক্রির সময় পুলিশ অভিযান চালায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আমরা ৬২০০ লিটার তেল জব্দ করেছি। অবশিষ্ট তেল অন্যত্র বিক্রি করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *