সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহে
২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আজ সেই অমর একুশে, মহান শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। এ ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়।
একুশের প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় টাউন হলের শহিদ মিনারে প্রথমে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো: মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভাগীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহিদদের প্রতি।
এদিন শহিদদের স্মরণে বিভাগের সকল সরকারি ও আধা-সরকারি ভবনসমূহে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ দিবস উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় রচনা/চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্ন, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। সকল মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় উপাসনালয় ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আনন্দমোহন কলেজ চত্বর, সৈয়দ নজরুল ইসলাম কলেজ চত্বর, মেডিকেল কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক দ্বীপসমূহে সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্তৃক দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের অংশগ্রহণে উপজেলা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন নৃত্যানুষ্ঠান পরিচালিত হয়।
