অবশেষে প্রাণ প্রকৃতি ও মানুষের আর্তনাদ এবং হাহাকারের কাছে আত্মসমর্পণ করলো অভিমানী বৃষ্টি। সোমবার সন্ধ্যা ৭ টা রাত ৯ টা পর্যন্ত টানা দুই ঘন্টার বৃষ্টি তীব্র তাপপ্রবাহের অবসান ঘটায়।এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তি ফিরে আসে উপকূলীয় পাইকগাছার জনজীবনে। প্রাণ ফিরে পায় প্রকৃতি।
উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব যেন এবার তীব্র তাপপ্রবাহের মাঝে স্পষ্ট হয়ে যায়। তাপপ্রবাহ দীর্ঘ হওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে প্রাণ প্রকৃতি ও জনজীবন। হিট্ স্ট্রোক সহ দেখা দেয় নানা রোগ বালাই। বৃদ্ধি পায় শিশু রোগের প্রাদুর্ভাব। অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে সরকার দফায় দফায় হিট এলাট ঘোষণা করা স্কুল কলেজ বন্ধ রাখে। অতিরিক্ত তাপমাত্রার কারণে চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্য মরে গিয়ে ব্যাপক ক্ষতি হয়। বৃষ্টির অভাবে প্রকৃতি যেন উত্তাপ্ত হয়ে ওঠে। দিনে রাতে সবসময় যেন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল। কোথাও যেন স্বস্তি ছিল না।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিশু এবং বয়স্ক মানুষ। তীব্র তাপপ্রবাহের ফলে মানুষের চলাফেরা কমে যায়। বিরুপ প্রভাব পড়ে দৈনন্দিন জীবন যাপনে। চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বৃষ্টির জন্য প্রকৃতি যেমন হাহাকার করেছে তেমনি মানুষ ও প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করেছে। কোন আর্তনাদ বৃষ্টির কান পর্যন্ত পৌছাচ্ছিল না। অবশেষে সোমবার সন্ধ্যায় দেখা মেলে চির অভিমানী বৃষ্টির। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা দুই ঘন্টা পাইকগাছার সর্বত্রই বৃষ্টি হয়। এর ফলে প্রাণ ফিরে পায় প্রকৃতি। স্বস্তি ফিরে আসে জনজীবনে।
স্কুল শিক্ষক ললিতা নাথ বলেন তীব্র তাপপ্রবাহের কারণে আমার বাসার ছাদ বাগানের ফুল ও ফলের গাছ গুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। এই বৃষ্টির ফলে ছাদ বাগানের সব গাছ গুলো যেন সতেজ হয়ে উঠেছে। এত দিন ভ্যান চালাইতে খুব কষ্ট হতো, বৃষ্টির পর ভ্যান চালাইতে কোন কষ্ট অনুভব হয়নি বলে জানান ভ্যান চালক আশরাফুল ইসলাম। তীব্র তাপপ্রবাহের প্রতিটি দিন ছিল অস্বস্তিকর, বৃষ্টির পর স্বস্তি ফিরে পেয়েছি বলে জানান গৃহবধূ ফরিদা পারভীন।
গৃহবধূ ফরিদা পারভীনের ন্যায় প্রাণ প্রকৃতি ও জনজীবনে স্বস্তি এসেছে সোমবারের দুই ঘন্টার এ বৃষ্টিতে। অনেকদিন পর বৃষ্টি হওয়ায় অনেকেই ভিজতে ভিজতে বৃষ্টিকে উপভোগ করেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার ও বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন পোস্ট দিয়ে বৃষ্টিকে বরণ করে নেন।
