২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আলমগীর ইসলামকে (৩৫) নীলফামারীর ডিমলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) ভোরে ডিএমপির ডিবি পুলিশ ও নীলফামারীর ডিমলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডিমলা উপজেলার বাবুরহাট পোস্ট অফিস মোড়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলমগীর ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি ডিমলা উপজেলার বাবুরহাট পোস্ট অফিস মোড়ের আমিরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর।

পুলিশ সুপার জানান, গতবছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে দায়িত্ব পালন করছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখার কনস্টেবল আমিরুল পারভেজ। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের সরাসরি জড়িত ছিলেন আলমগীর, সেটা গোয়েন্দা তথ্যে বেড়িয়ে এসেছে। আমিরুলকে পিটিয়ে হত্যার সময় সংগ্রহকৃত ছবিতেও স্পষ্টভাবে তাকে দেখা গেছে।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘আলমগীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন পুলিশের ওপর নৃশংস হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে ডিএমপির সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *