মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচের চড়া নূরানী হাফেজী ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইসরাত জাহান বীথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন। তিনি শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য পুনাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজাসহ জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং তাদের জন্য খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পুনাকের এ উদ্যোগে এতিম শিশু ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
