মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর বাজারের ‘কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও অভিযুক্ত রাকিব মোল্লা ওই হোটেলের কর্মচারী ছিলেন।

অভিযোগে বলা হয়, রাকিব মোল্লা বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তিনি সুযোগ খুঁজতে থাকেন। গত ১৪ মার্চ রুম পরিষ্কারের কথা বলে কৌশলে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে হোটেলের মালিক মজনু মোল্লার সহযোগিতায় রাকিব জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে সামাজিক লজ্জা ও অপমানের ভয়ে ওই নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর গত রোববার তিনি আদালতে মামলা দায়ের করেন।

আদালত কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত মজনু মোল্লা ও রাকিব মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আদালতের নির্দেশের কপি হাতে পাওয়া গেছে। বিষয়টি আইন অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *