রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মকছেদ আলী নামের ৬৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধনিপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মকছেদ আলী তার বাইসাইকেল নিয়ে একটি পকেট সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। ঠিক সেই সময় বোদা থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়।

মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্যকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার রায় জানান, হাসপাতালে আনার আগেই মকছেদ আলীর মৃত্যু হয়েছে।

এদিকে, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সড়কে অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে এমন দুর্ঘটনা দিন দিন বাড়ছে। সচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের প্রাণহানি রোধ করা কঠিন হয়ে পড়বে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *