মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত সাঁড়াশি অভিযানে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে আদায় করা হয় মোট ৭ লাখ টাকা জরিমানা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ডোমরাসুর গ্রামের ‘ফুলমালা ব্রিকস’-এ ৪ লাখ টাকা এবং গোলাবাড়ীয়া গ্রামের ‘নিগি ব্রিকস’-এ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় শুধু জরিমানা করেই থেমে থাকেনি প্রশাসন। তাৎক্ষণিকভাবে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি—স্কেভেটর ও পেলোডার ব্যবহার করে ভাটার মূল কাঠামো (কিলন) গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে ইটভাটা দুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবৈধ ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। অভিযানে সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহায়তায় অংশ নেয় জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস।

প্রশাসনের বার্তা স্পষ্ট—আইন ভেঙে কোনো শিল্প কার্যক্রম চলতে দেওয়া হবে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *