মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদের মৃত্যু হয়েছে। এরমধ্যে মেহেদী হাসান ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ৮ বছরের শিশু নাহিদ হাসান মারা যায়।

২৭ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট রূপ ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মেহেদী হাসান স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং ষ্টেশনে পেট্রোল নেয়। পরে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। পরে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *