উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দাদী ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক রাজু।
নিহত শাহেরা খাতুনের নাতি জাকির মিয়া ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টার দিকে দাদী শাহেরা খাতুন (৬৫) ও নাতি জান্নাত আক্তার (৪) বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যাওয়ার পর থেকে তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুর ১২টার দিকে নাতি জাকির মিয়া পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দু’টি লাশ ভেসে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক ওমর ফারুক রাজু জানান, দুজনে মৃত্যু ঘটেছে পানিতে ডুবে। নিহত শাহেরার স্বামী মেসর উদ্দিন ও শিশু জান্নাতের পিতা সুজন মিয়ার কোন অভিযোগ নেই মর্মে থানায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
