মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রংপুর বিভাগের মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।

রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশনসমূহ পরিদর্শন করেন এবং পুলিশের দায়িত্ব পালনের তদারকি করেন।

এছাড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার দ্রুত সম্পন্ন করতে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করেন তিনি।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগা, শঠিবাড়ী ও তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত পেট্রোল টিম নিয়োজিত রয়েছে। তারা মহাসড়কে দিনরাত টহল দেবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া, ঈদযাত্রায় ঢাকাগামী যানবাহনে নজরদারি বাড়াতে ভিডিও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। যানজট এড়াতে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “যাত্রীরা যেন যানজটমুক্ত ও নিরাপদ পরিবেশে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *