নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মোছা. সুরজাহান (৩০) নামে এক নারী শ্রমিক গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সুরজাহান নীলফামারীর সদরের উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী। তিনি উপজেলার বোতিলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

এ ব্যাপারে নাজমুল শাহ সৈয়দপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রাসেল পারভেজ।

সুরজাহানের স্বামী নাজমুল শাহ জানান, তার স্ত্রী প্রায় চার বছর ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করছেন। প্রতিদিনের মতো গত ২১ জানুয়ারি সুরজাহান কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস না পেয়ে সৈয়দপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে ওসি এস এম রাসেল পারভেজ বলেন, নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *