মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা পুলিশ গোপালগঞ্জ।

জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় তিনি ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।

শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহিদদের আত্মবলিদান বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, মানবিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *