মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলার আসামী আদমদীঘি উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌফিকুর রহমান সোহাগ আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে একই সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তৌফিকুর রহমান সোহাগ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *