মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১টা ২২ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব আলী খান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার জোহরের নামাজের পর গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতাকে শেষবিদায় জানাতে জানাজায় দুই হাজারের বেশি মানুষ অংশ নেন। এ সময় রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মাহবুব আলী খান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *