সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার ইউনিয়নের মুলাঘাটা গ্রামের বাসিন্দা ইউনুস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আকমল আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সফল অভিযানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই (নিঃ) মো. সোহেল রানাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, ইউনুস হত্যা মামলায় আদালত আকমল আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন তথ্য ও পুলিশের ধারাবাহিক তৎপরতার ভিত্তিতে এসআই (নিঃ) মো. সোহেল রানা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে এসআই সোহেল রানার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার প্রশংসা করা হয়। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান তাকে বিশেষভাবে পুরস্কৃত করেন।
এ নিয়ে এসআই মো. সোহেল রানা নবমবারের মতো বিশেষ পুরস্কার লাভ করলেন। বারবার গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তার এই পুরস্কারপ্রাপ্তি জেলা পুলিশের অভ্যন্তরে প্রশংসিত হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করা হলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে কাজের প্রতি উৎসাহ ও দায়িত্ববোধ আরও বাড়বে।
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের রায় কার্যকর করতে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
