মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন দেওডোবা পাঠানপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আতাউর রহমান ওরফে আতা (৫৫)।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে আতাউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৭০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
