মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দালালী, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় পৃথক তিনটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), আরপিএমপি’র নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ১১ মে বিভিন্ন সময়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ধাপ এলাকার পপুলার-১ এর সামনে রোগীর স্বজনদের বাধা প্রদান, উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মোঃ আরিফুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করা হয়। একই এলাকায় বন্ধু ফার্মার সামনে একই ধরনের দালালী ও মারমুখী আচরণের দায়ে মোঃ মাজেদুল ইসলাম (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, কাচারী বাজারস্থ কোর্ট চত্বরের মূল ফটকের সামনে জনসাধারণের উদ্দেশ্যে চিৎকার-চেচামেচি, অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মোঃ নিশাদ (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।
পরে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
