মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় দুইটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১০ মে) বিভিন্ন সময়ে থানা এলাকায় বিশেষ ডিউটি পরিচালনা করা হয়।
অভিযানের সময় এসআই মোঃ শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পূর্ব বড়বাড়ী মরিচটারী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে মোঃ আসাদুল ইসলাম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেন।
অপরদিকে, এএসআই এনামুল হক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে দালালী, রোগীর স্বজনদের উত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও মারমুখী আচরণের অভিযোগে মোঃ রবিউল ইসলাম (৪০) ও মোঃ জহির রায়হান (৩০) নামে দুইজনকে আটক করেন।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৮৭(ঘ) ও ৭৮ ধারায় দুইটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, বর্তমানে কোতয়ালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
