আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামী দিনের প্রতিনিধি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতেই জাতীয় ও জেলা পর্যায়ে এই আয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা অনুভব, আকাঙ্ক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেবে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে দায়িত্ব নিয়েছে। বিজ্ঞানমনস্ক এসব কর্মসূচি দেশকে এগিয়ে নিতে কাজে লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ প্রয়োগের মাধ্যমে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে দেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণসমাজ কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই উন্নতি করবে। শুধু প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, উদ্ভাবক হিসেবেও দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। আর এ ধরনের কর্মসূচি তরুণদের সে প্লাটফর্মে তৈরি হতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন , সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *