রাজশাহী প্রতিনিধি
মোঃ নাসিরউদ্দিন
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীন রাজশাহী অঞ্চলের বিভিন্ন কেন্দ্র সচিবগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন (এমপি), মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তিনি তাঁর বক্তব্যে পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস, নকল প্রতিরোধ এবং পরীক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক। তিনি পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, পরীক্ষার মান রক্ষা এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করার ব্যাপারে সতর্ক করা হয়।
সভাটি এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
