মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নেসকোর প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার ডাইংপাড়া গোলচত্বরে “গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি”-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং প্রিপেইড মিটারের কারণে ভোগান্তির চিত্র তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের সম্মতি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। তারা বলেন, এই অতিরিক্ত বিল সাধারণ মানুষের ওপর এক ধরনের “আর্থিক নির্যাতন” হিসেবে চাপ সৃষ্টি করছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ, অতিরিক্ত বিল প্রত্যাহার এবং বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয়দের এই আন্দোলন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *