মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে নারী আইনজীবীদের অধিকার সংরক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে নগরীর একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। খান ফাউন্ডেশনের “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের আওতায় সমতা নারী কল্যাণ সংস্থা ও লফস (LOFS)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তা ছিল।
সভায় সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকি। এতে রাজশাহী বারের নারী আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন আজিজা সুলতানা মৌসুমি, কানিজ ফাতেমা, নার্গিস জাহান, আনীসা তাহসিনসহ আরও অনেকে
মতবিনিময় সভায় বক্তারা নারী আইনজীবীদের জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজশাহীতে নারী আইনজীবীদের জন্য এখন পর্যন্ত সুসংগঠিত কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। প্রস্তাবিত এই ফোরাম গঠিত হলে তা নারী আইনজীবীদের ঐক্যবদ্ধ করবে এবং সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অংশগ্রহণকারী নারী আইনজীবীরা ফোরাম গঠনে আগ্রহ প্রকাশ করেন এবং উদ্যোগটির সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে দ্রুত সময়ের মধ্যে নারী আইনজীবী ফোরাম গঠন করে কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *