মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপির উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেছেন, মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে মনোনয়নের প্রধান শর্ত।
শনিবার (২২ মার্চ) বিকালে মোহনপুর উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এলাকায় উপস্থিত না থেকে, মানুষের দুঃখ-কষ্টে পাশে না দাঁড়িয়ে কেউ যদি মনোনয়ন পাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং তাদের সমস্যার সমাধানে আন্তরিক ভূমিকা রাখাই একজন প্রকৃত নেতার পরিচয়।”
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। ঈদের এই মিলনমেলা নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
