মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে জরিমানা করা হয়েছে এবং তার ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রাদার এন্টারপ্রাইজ নামের একটি টাইলসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর উদ্যোগে কাশিয়ানী আর্মি ক্যাম্প, মুকসুদপুর থানা পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী অংশ নেয়।

অভিযান চলাকালে দোকানটিতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক মো. জালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয়। একই সঙ্গে সেখান থেকে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ মজুদদারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, মজুদদারির মতো অসাধু কার্যক্রম দমন করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *