মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলার মংগলপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর যান্ত্রিকভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জমির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
অভিযানকালে দেখা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থলে থাকা একটি এক্সকাভেটর (খননযন্ত্র) জব্দ করে যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা এবং টপসয়েল কাটার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে এমন কার্যক্রম কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।
