মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ-এর যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ সরকারি কলেজ ইউনিট। ইউনিটটির উদ্যোগে রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কলেজ প্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। স্বেচ্ছাসেবকরা রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসাইন , যুব রেড ক্রিসেন্টের টিচার্স ইনচার্জ ফখরুজ্জামান (সাইকাত) এবং যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিট-এর যুব প্রধান জনাব জুবায়ের খানসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার পেয়ে উপকৃত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ তাদের রোজা পালনে স্বস্তি এনে দিয়েছে।
মানবতার সেবায় নিবেদিত যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
