মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরের জঙ্গল মুকুন্দপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী নারী জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে আশ্বাস দেওয়া হলেও হঠাৎ করেই সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন প্রেমিক। পরে যোগাযোগ বন্ধ করে দিলে ন্যায়বিচারের আশায় তিনি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।
স্থানীয়রা জানান, ওই নারীর চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা ভেবেই তিনি প্রকাশ্যে বিয়ের দাবি তুলেছেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—একাংশ নারীর দাবির প্রতি সমর্থন জানালেও অন্যরা বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার পক্ষে মত দিয়েছেন।
এদিকে অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি এড়িয়ে চলছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে আসেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেন।
কাশিয়ানী থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা।
ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভুক্তভোগী নারী দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন, অন্যদিকে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকার দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।
