মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনথপুর চড়পাড়া এলাকায় চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরচক্র মিষ্টি ব্যবসায়ী কালু হীরার গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কালু হীরা জানান, সকালে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, কিন্তু কার্যকর টহল ও নজরদারির অভাব রয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
