নিরব হাসান
ময়মনসিংহ
কনকনে শীত, ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা—এই সময়ে যখন মানুষ উষ্ণ কম্বলের নিচে আশ্রয় খোঁজে, ঠিক তখনই ছুটির দিনেও কম্বলের নিচে না থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ছুটে গেছেন শীতার্ত মানুষের কাছে। নিজ হাতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে তিনি আবারও প্রমাণ করলেন—প্রশাসনের আসল শক্তি মানবিকতায়।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত মানুষের খোঁজ নেন জেলা প্রশাসক। খোলা আকাশের নিচে থাকা দিনমজুর, ভাসমান মানুষ, বৃদ্ধ ও শিশুদের হাতে তুলে দেন শীত নিবারণের জন্য কম্বল। এ সময় তিনি শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ থাকেননি, মানুষের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, খোঁজ নিয়েছেন তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদার।
স্থানীয়রা জানান, এত তীব্র শীতের মধ্যেও একজন জেলা প্রশাসককে এভাবে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখে তারা আবেগাপ্লুত। অনেকেই বলেন, “ডিসি স্যার চাইলে ছুটির দিন পরিবারের সঙ্গে উষ্ণতায় কাটাতে পারতেন। কিন্তু তিনি তা না করে আমাদের মতো গরিব মানুষের জন্য রাস্তায় নেমেছেন—এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।
কম্বল নিতে আসা এক বৃদ্ধ বলেন,
বাবা, এই শীতে কষ্টে ছিলাম। আজ ডিসি সাহেব নিজে এসে কম্বল দিলেন—আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীত যতদিন থাকবে ততদিন এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। প্রকৃত শীতার্ত কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মোঃ সাইফুর রহমান যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তার সহজ-সরল আচরণ, অহংকারহীন চলাফেরা ও মানবিক দৃষ্টিভঙ্গি অল্প সময়েই তাকে ময়মনসিংহবাসীর আস্থার ঠিকানায় পরিণত করেছে।
শীতের এই কঠিন সময়ে কম্বলের নিচে না থেকে মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসকের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয় এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *