আরিফ রববানী
ময়মনসিংহ
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ময়মনসিংহে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে এই পূজা উদযাপন রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্দির-মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন।

মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দেখা গেছে বিভিন্ন দলের নেতাকর্মীদের। এতে নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আকর্ষণের প্রয়াসই ফুটে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

ময়মনসিংহ জেলায় এবার ৭৮৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা সফল করতে পুলিশ প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে কাজ করছে। তার মাঝে ময়মনসিংহ নগরীতে রয়েছে ৯০ টি,ময়মনসিংহ সদরে ৪৫ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

ময়মনসিংহ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নগরীর দুর্গাবাড়ি রোড সহ বিভিন্ন সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন এবং উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ বহুধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা চাই প্রত্যেক উৎসব সবার জন্য।”

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ময়মনসিংহ জেলার এনসিপির মনিটরিং টিম ময়মনসিংহের ঐতিহ্যবাহী শত বছরের প্রাচীনতম দূর্গাবাড়ি মন্দিরসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দির আনন্দ ও উৎফুল্লতার সাথে পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপের স্থায়ী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের সাথে আনন্দ চিত্তে মতবিনিময় করেন। উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে পুজার আনন্দ উৎসব উদযাপন করতে পুজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে আশ্বাস দেন।

ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন সরকার তার কর্মীসমর্থকদের নিয়ে ময়মনসিংহ নগরীসহ সদর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করছেন। উপজেলার ১০নং দাপুনিয়া ইউনিয়ন ১১ নং ঘাগড়া ইউনিয়ন ও ১২ নং ভাবখালী ইউনিয়ন তিনটি ইউনিয়নের সমস্ত পূজা মন্ডপ পরিদর্শন করে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমির ও ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর নেতৃত্বে জামায়াতের একটি দল বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ভিন্ন ধর্মের মানুষও আমাদের ভাই। তাদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হওয়া আমাদেরও দায়িত্ব।”মঙ্গলবার বিকালে ও সন্ধ্যার পর অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি চর ঈশ্বরদিয়া, ঋষিপাড়া, ৩১ নং ওয়ার্ড এবং অম্বিকাগঞ্জ বাজার (গগনশাহ বাজার), ৪ নং পরানগঞ্জ এলাকার প্রায় সবগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

জেলার বিভিন্ন পূজা মণ্ডপেও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। নির্বাচনি বছর হওয়ায় পূজা মণ্ডপে নেতাদের এই বাড়তি উপস্থিতি স্থানীয় রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠায় দলগুলো তাদের সমর্থন আদায়ে সক্রিয় হয়েছে।

স্থানীয়রা তাদের আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আসন্ন নির্বাচনটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল দলের অংশগ্রহণ ও সকল সম্প্রদায়ের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *