স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে যৌতুকের দাবিতে এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী মোছাঃ পপি আক্তারের পরিবার দাবি করেছে, স্বামী কাঞ্চন মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে হত্যা করে লাশ গুম করেছে।

ভুক্তভোগীর বাবা মোঃ নজরুল ইসলাম ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে পপি আক্তারের বিয়ে হয় কাঞ্চন মিয়ার সঙ্গে। বিয়ের সময় ২ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ ২ লক্ষ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। পরবর্তীতে ব্যবসার জন্য আরও ২ লক্ষ টাকা দেওয়া হয়।

কিন্তু কিছুদিন যাবৎ স্বামী ও তার পরিবারের সদস্যরা পুনরায় ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করতে থাকেন। পপি টাকা আনতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। গত ৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে আসামিরা তাকে মারধর করে লোহার রড দিয়ে গুরুতর জখম করে। এরপর থেকে পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর পপি আক্তার ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে খুঁজে পায়নি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী কাঞ্চন মিয়া, শাশুড়ি নাজমা খাতুন, দেবর চঞ্চল মিয়া ও চন্দন মিয়া মিলে তাকে হত্যা করে লাশ গুম করেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *