ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মদনখালীর স্লুইসগেট সংলগ্ন বন্ধুদের সঙ্গে কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো ফাহাদ আহমেদ (২০) নামের সেই কলেজ ছাত্রের মরদেহ।
আজ সোমবার ( ১২ আগস্ট ) দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, সোমবার দুপুরে স্থানীয়রা কুমার নদে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
উল্লেখ্য, রবিবার(১১ আগস্ট) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিখোঁজ ফাহাদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
