মেঃলিংকন আহমেদ
গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এসময় বাসচাপায় ব্রীজ রোডের শামসুল ইসলামের ছেলে নাফিজ শাহারিয়ার আকাশ (২৩) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ১৫জন আহত হয়েছেন।এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এ সময় বাসের অনন্ত ১৫জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান।
বাসের যাত্রী জহুরুল ইসলাম ও হাফিজা আকতার হাসি অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন।
