সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন বাজারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইসমাইল হোসেন মৌতলা গ্রামের শেখ শাহাজান ইসলামের ছেলে ও মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল কাদের মোড়ল হাফিজিয়া মাদরাসার ছাত্র।
মৃতের বাবা শাহাজান ইসলাম জানান, তার ছেলে বুধবার সকালে মাদরাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে সোলারের একটি ফ্যান মেরামতের সময় ফ্যানের চার্জার বিদ্যুতের সকেটের ভেতর দিলে চার্জারের তারে আটকে যায় ইসমাইল। এ সময় তার মা বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। অচেতন অবস্থায় ইসমাইলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
