মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন বেসরকারিভাবে চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।(৮ই মে ) বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।
বুধবার (৮মে) রাত ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আবুল হায়াত।
কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো:মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালাই পৌরসভার সাবেক মেয়র এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকে ৩০ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছানোয়ার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মেরিনা আক্তার মেরি পেয়েছেন ৪৩ হাজার ০৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম নেছা সপ্না কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪১৩ ভোট।
উপজেলায় ১ লাখ ২২ হাজার ৭৩৬ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৬৯.৯২ পার্সেন্ট বলে জানিয়েছেন কালাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর বেগম।
৩৭টি কেন্দ্রে টানা ভোট গ্রহণে উপজেলা প্রশাসন ও কালাই থানা পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, আনসার সদস্য ও অন্যান্যদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ শাহীনুর বেগম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. মিনফুজুর রহমান মিলন, পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে গোলাম মোস্তফা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মেরিনা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
