মোঃ ইমরুল আহসান

নওগাঁয় মুকুল হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ওই মাদক কারবারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস,এম, মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মুকুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলী মোজাহার আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাত সাড়ে ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। ওই এলাকায় মাদক পরিবহনের সময় চার লক্ষ টাকা মূল্যের চল্লিশ গ্রাম হেরোইনসহ আটক করর মাদক ব্যবসায়ী মুকুলকে। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টায় মহাদেবপুর থানায় বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মুকুলের বিরুদ্ধে মামলা করেন উপ পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ। পরে এ মামলায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষ এ ঘটনায় ৭ জন স্বাক্ষীকে উপস্থাপন করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মুকুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মোজাহার আলী বলেন, এ রায়ের মধ্য নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কমূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক ব্যবসায়ী এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *