ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মালিহাটি গ্রামের স্বর্গীয় সতেন্দ্র চন্দ্র দাসের ছেলে স্বপন দাসের ১৪০ শতাংশের দুটি পুকুরে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নাসির উদ্দীন যৌথভাবে মাছ চাষ করছিলেন। মাছ চাষের আয়ের টাকায় চলে দুটি পরিবার। প্রায় আটমাস আগে দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছিলেন তারা। প্রতিদিনের মত বৃহস্পতিবার মধ্যরাতে পুকুর থেকে বাড়িতে চলে যান নাসির। পরদিন সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পুকুরটিতে পাবদা, শিং, কার্ফু, কাতল, রুই, সিলভার কার্পসহ দেশিয় বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ মণ মাছ মারা গেছে; যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। আগামী সপ্তাহে মাছগুলো বিক্রির কথা ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।
এদিকে ক্ষতিগ্রস্থ নাসির উদ্দীন বলেন, “লক্ষ লক্ষ টাকা ধারদেনা করে মাছকে খাবার দিয়েছি। এখনো খাদ্যের দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকা বাকী রয়েছে যা মাছ বিক্রি করে দেওয়ার কথা ছিল। আমার এমন সর্বনাশ কারা করলো, কেন করলো। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই।”
কান্নাজড়িত কণ্ঠে স্বপন দাস বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। ঋণ করে মাছ চাষ করেছি। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল।”
ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, “মানুষের মধ্যে শত্রুতা দেখেছি। কিন্তু মাছের সঙ্গে এ কেমন শত্রুতা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
