সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব প্রদান করেছেন এর অন্যতম কাজ হচ্ছে দেশের উন্নয়ন এবং জনকল্যাণের স্বার্থে পরিকল্পনা করা। স্পষ্ট করেই বলতে চাই, দেশের উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে কোনো কাজ বাকি থাকবে না।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
উপস্থিত জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেমন উন্নয়নের মহাসড়কে রয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে নান্দাইল উপজেলার জন্য মাস্টার প্ল্যান করতে বলেছি। আমি এ প্ল্যান পাশ করাবো ও অর্থ বরাদ্দ করাবো। ইতোমধ্যে এই উপজেলার বেশ কিছু ইউনিয়নের ১০-১২টি ব্রিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কথা বলেছি, যা দ্রুত বাস্তবায়িত হবে । নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সকল সমস্যার কথা শুনবো এবং শতভাগ সমাধানের চেষ্টা করব।
মন্ত্রী আরও বলেন, উপজেলার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার ,যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা , বিদ্যুৎ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে । আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন আমি অবশ্যই সে প্রত্যাশা পূরণ করব।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তৃতা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
