সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
খেলাধুলা করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’, ‘সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গণ’, ‘খেলাধুলা করবো, সুস্থ স্বদেশ গড়বো’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার ময়মনসিংহে চতুর্থ আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ (এ্যাথলেটিক্স) অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম।
বুধবার (৩১ জানুয়ারি) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজনে ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চতুর্থ আন্তঃ কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের প্রধান কাজ হল লেখাপড়া করা, পাশাপাশি খেলাধুলাও একটি অনুষঙ্গ কাজ। খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। আর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকলে তারা সুনাগরিক হিসেবে তৈরি হতে পারবে। খেলাধুলা মাদক এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত থাকতে সহায়তা করে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষক মন্ডলীদেরকে সজাগ থাকার আহ্বান জানান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের ক্রিড়া অফিসার মোহাম্মদ আব্দুল হক, শিক্ষা অফিসার মোঃ মেহেরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীগন ও শিক্ষার্থীবৃন্দ, এ্যাথলেটিক্সবৃন্দ, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাবার স্কাউট দল, অভিভাবকগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং সাধারণ দর্শক।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও করতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতায় খেলাধুলার মান উন্নয়নও এগিয়ে যাচ্ছে এবং খেলাধুলার মাধ্যমে বিশ্বে একটি অবস্থান তৈরি করছে।
ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার শতাধিক শিক্ষার্থী (এ্যাথলেটিক্স) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় ও ৪০০ মিটার দৌড়ে ছাত্র শাখায় প্রথম হয়েছে জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজ থেকে শাওন আহমেদ । ১০০ ও ২০০ মিটার দৌড়ে ছাত্রী শাখায় প্রথম হয়েছে নেত্রকোনা মোহনগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী প্রিয়া আক্তার ইতু। ছাত্রদের জন্য যে ইভেন্টগুলো ছিল তা হল ৮০০ মিটার দৌড় ও ১৫০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লম্ফ, ত্রি-লম্ফ ও দীর্ঘ লম্ফ । ছাত্রীদের জন্য যে ইভেন্টগুলো ছিল তা হল ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, রিলে দৌড়, দীর্ঘ ও উচ্চ লম্ফ এবং বর্ষা নিক্ষেপ।
