মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নয়ানগর ও বাউশালিপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়া কাঁচা সড়কটির কিছু অংশ ৫ অক্টোবর ও ৬ অক্টোবরের টানা বৃষ্টিতে ভেঙে গেছে। ভাঙা অংশে দেওয়া হয়েছে বাঁশের সাঁকো। সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ।
তবে ওই সাঁকো দিয়ে শিশু ও বৃদ্ধরা চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার নয়ানগর ও বাউশালি গ্রামের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ঝুকিপূর্ণ এ সাঁকোটি দিয়ে প্রতিদিন অসংখ্যা মানুষ চলাচল করছেন। সাধারণ মানুষের পাশাপাশি নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও এ সেতুটি পার হয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে। এর মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে গেছে।
এলাকার মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক প্রতিবেদককে বলেন, পানির স্রোত না কমলে সড়কটি সংস্কার করা সম্ভব নয়। আপাতত বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
