সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেটের বিরুদ্ধে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা’র আশ্রম ও মন্দির দখলের অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর স্টেশন রোডের রিয়াজ স্কয়ারে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মন্দিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি-সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যরা।
সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, ১৯৯৪ সালে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মন্দির পরিচালনা শুরু হয়। এরপর জমি কিনে পুরোদমে মন্দিরে পূজা-অর্চনা চলতে থাকে প্রায় ১৫ বছর ধরে। ২০০৭ সালে বিএনপি সরকার পতন হলে মন্দির দখলে মরিয়া হয়ে যায় তৎকালীন ছাত্রনেতা উত্তম চক্রবর্তী রকেট। তার নেতৃত্বে অমল পাল, শংকর বসাক প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্যদের মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মন্দির দখল করে নেয়। আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে মন্দিরে ঢুকার চেষ্টা করলে তারা প্রকাশ্যে হুমকি দেয়।
মন্দিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রাণতোষ চন্দ্র পাল বলেন, আমরা আমাদের স্থাপিত মন্দিরে পূজা-অর্চনা করতে চাই, কোন দখলবাজ এই মন্দির পরিচালনা করতে পারে না।
সাধারণ সম্পাদক আশীষ সরকার বলেন, এই মন্দির দখলের খলনায়ক ছিল উত্তম চক্রবর্তী রকেট, তার নেতৃত্বেই আমাদের মন্দির দখল করা হয়। আমরা আমাদের মন্দির থেকে স্বৈরাচারদের বিতাড়িত করতে চাই।
অভিযোগের বিষয়ে জানতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেটের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে অমল পাল ও সংকর বসাক বলেন, জোর করে মন্দির দখল করা যায় না, যারা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছে, তারা মিথ্যা অভিযোগ করছে, এমন কোন ঘটনা সেসময় ঘটেনি।
এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- সহসভাপতি ডা: জিএম মজুমদার খোকন, সহসভাপতি রাজ রানা আচার্য্য, সদস্য দুলাল চন্দ্র ঘোষ, প্রবীর কুমার পন্ডিত ও তাপস সরকারসহ কমিটির অন্যান্য সদস্য প্রমূখ।
