সাদিকুর রহমান
রাজশাহীর দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোজাফ্ফর (৫০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নৈশ প্রহরী মোজাফ্ফর উপজেলার সুখানদিঘী গ্রামের ওহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ওই বিদ্যালয়ে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোজাফফর হোসেন প্রতিদিনের মতো বিদ্যালয়ে পাহারার জন্য যান। রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে তিনি আর বাড়ি ফিরে যাননি এবং খাবারও আনেননি। পরিবারের ধারণা ছিল, তিনি হয়তো বাজারে কিছু খেয়ে নিয়েছেন।

পরদিন ১৮ মে সকালে মোজাফফর হোসেন বাড়ি না ফেরায় তার ছেলে মোবাইলে কল করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। পরে ছেলে নাইম বিদ্যালয়ে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো সাড়া না পেয়ে স্কুল পিয়নকে ডাকেন। একসাথে বিদ্যালয়ের মাঝের কক্ষে ঢুকে দেখা যায়, মোজাফফর হোসেন চৌকির ওপর নিস্তেজ পড়ে আছেন এবং মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছে। উপস্থিত সবাই তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেয়।

আরো জানা যায়, মোজাফফর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে থানায় একটি ইউডি মামলা করা হবে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *