মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দা উপজেলায় মাটি কাটার সময় একটি কষ্টিপাথরের ছোট মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ভারসো ইউনিয়নের মহানগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের জমিতে মাটি ফেলার সময় মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে কাজ করার সময় শ্রমিকদের চোখে পড়ে কালো রঙের একটি শক্ত পাথরের তৈরি মূর্তি। বিষয়টি তাৎক্ষণিকভাবে মান্দা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ৪ কেজি ৫০০ গ্রাম। এটি কষ্টিপাথরের তৈরি হওয়ায় প্রাথমিকভাবে প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে।
মান্দা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি নিকটবর্তী কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
