নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহের সদর থানার ঘাট এলাকায় অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ডা. আহমদ মোহাম্মদ আবদুল্লাহ। স্থানীয়দের মতে, তিনি একজন দায়িত্বশীল ও পরিশ্রমী চিকিৎসক হিসেবে রোগীদের আস্থা অর্জন করেছেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একটি।
জানা যায়, ডা. আহমদ মোহাম্মদ আবদুল্লাহ প্রতিদিন সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হয়ে সারাদিন রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। অফিস সময় শেষ হওয়ার পরও রোগীদের প্রয়োজন বিবেচনায় তিনি হাসপাতালে অবস্থান করেন এবং শেষ রোগী পর্যন্ত সেবা প্রদান করে থাকেন বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসার পাশাপাশি তিনি রোগীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক আচরণ করেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ফলে স্বল্প সময়ে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় ও বিশ্বস্ত চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ নিয়ে এভাবে নিরলসভাবে কাজ করা চিকিৎসকের সংখ্যা খুবই কম। ডা. আহমদ মোহাম্মদ আবদুল্লাহর কর্মনিষ্ঠা ও সেবামূলক মনোভাব স্বাস্থ্যখাতে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকতে পারে।
তারা আশা প্রকাশ করেন, এমন মানবিক ও পরিশ্রমী চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করা হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
