মো: সজিব আল হাসান
পানিতে ভাসছিল একটি প্লাস্টিকের ড্রাম। দূর থেকে দেখে স্বাভাবিক মনে হলেও ড্রামটি ঘিরে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ড্রামটি উদ্ধার করে খুলতেই বেরিয়ে আসে বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সুইজগেটের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখা যায়। ড্রামটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। পরে সেটি খুলে ভেতরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে, কোথা থেকে মরদেহটি সেখানে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
