আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের হাতিবান্ধা বিলের পাড় এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়েছে ফুলপুর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ফুলপুর থানার একটি দল বওলা ইউনিয়নের হাতিবান্ধা বিলের পাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আঃ কাদের। তার সঙ্গে ছিলেন এএসআই টিটু চন্দ্র দাস, এএসআই খায়রুল ইসলাম, এএসআই আল ইমরান, এএসআই আল হেলাল এবং সঙ্গীয় ফোর্স। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই জুয়ার আসরের অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ কাউকে আটক করতে না পারলেও সেখান থেকে জুয়ারিদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।
সূত্রে জানা গেছে, স্থানীয় পেশাদার জুয়ারি বাবুল খান গং দীর্ঘদিন ধরে এই বিলের পাড় এলাকায় জুয়ার আসরটি পরিচালনা করে আসছে।
স্থানীয়দের মধ্যে জনশ্রুতি আছে যে, এই জুয়ারি বাবুল খান মাঝেমধ্যে পুলিশের অভিযান হলেও সব সময় ধরাছোঁয়ার বাইরেই থাকে। এলাকায় আরও গুঞ্জন রয়েছে যে, বাবুল নাকি যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের কতিপয় ব্যক্তিকে ‘বখরা’ (ঘুষ বা ভাগ) দিয়েই নির্বিঘ্নে এই জুয়ার আসরটি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ফুলপুর থানায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
