বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ও মৌগাতী ইউনিয়ন সংলগ্ন ফুডাবিল” এলাকায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার মাছ মারা যাওয়ার পাশাপাশি পঁচা মাছ ও দূষিত পানির দুর্গন্ধে আশপাশের পরিবেশ দুষিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মাছের ঘেরের মালিক ও ভুক্তভোগী মোঃ ওমর ফারুক।
এক ভিডিও সাক্ষাৎকারে ওমর ফারুক অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার যোগাটী গ্রামে তাঁর ক্রয়কৃত প্রায় নয় একর জমিতে মাছের খামারের কার্যক্রম শুরু করেন। ব্যবসায়িকভাবে তিনি সেখানে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন। তবে স্থানীয় কিছু লোকের কথিত হয়রানি ও বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তিনি ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি তাঁর।
ওমর ফারুকের অভিযোগ, ২৫ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাতে যোগাটী গ্রামের রহমত আলীর দুই ছেলে লতিফ ও গণি, দুলালের ছেলে সুলতান, লাল মিয়ার ছেলে জুয়েল, জলিলের দুই ছেলে খায়রুল ও কামরুল, আজিজ গণিসহ আরও কয়েকজন মোট ২০ থেকে ২৫ জন তাঁর মাছের ঘেরে বিষের ট্যাবলেট প্রয়োগ করেন। এতে বিপুলসংখ্যক মাছ মারা যায় এবং পরে কিছু মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের পর ঘেরের পানিতে মাছ মরে ভেসে ওঠে এবং অনেক মাছ তলিয়ে যায়। পরে সেগুলো পঁচে যাওয়ায় পানিতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে ফুডাবিল এলাকাসহ আশপাশের গ্রামগুলোর পরিবেশ ভারী ও দূষিত হয়ে উঠেছে বলে অভিযোগ তাঁর।
ওমর ফারুক বলেন, এ ঘটনায় তাঁর দশ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এত বড় ক্ষতির কারণে তিনি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ন্যায়বিচারের দাবি জানান তিনি।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টদের অভিমত।
সরেজমিনে অর্ধশতাধিক এলাকাবাসী সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে । নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায় , এভাবে বিষ প্রয়োগে মাছ নিধন করা ঠিক হয়নি । অভিযুক্তদের সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
ভুক্তভোগী ওমর ফারুক জানান, তিনি এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণসহ যথাযথ বিচার দাবি করবেন বলে জানান।
