মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানি ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের ও সাধারণ সম্পাদক এম এ আলম সেলিমসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো প্রয়োজন। নতুন ভবন নির্মিত হলে আইনজীবীদের কাজের পরিবেশের পাশাপাশি বিচারপ্রার্থীদের সেবার মানও উন্নত হবে।
সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা বলেন, আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণের উদ্যোগ সময়োপযোগী। আইনজীবীরা বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পেশাগত কার্যক্রম পরিচালনার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।
সংসদ সদস্য এস এম জিলানি বলেন, আইনজীবীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, জেলার আইন অঙ্গনের উন্নয়নে আধুনিক অবকাঠামোর গুরুত্ব রয়েছে। নতুন ভবন নির্মিত হলে আইনজীবীরা উন্নত পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন এবং এর সুফল বিচারপ্রার্থীরাও পাবেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক বলেন, বিচারপ্রক্রিয়ার সঙ্গে আইনজীবীরা সরাসরি সম্পৃক্ত। তাঁদের কর্মপরিবেশ উন্নত হলে বিচারপ্রার্থীদের সেবার মানও বাড়বে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের বলেন, নতুন ভবন নির্মাণ আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা। বর্তমান অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে পেশাগত কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। নতুন ভবন হলে এসব সমস্যা অনেকটাই কমবে।
সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম বলেন, নতুন ভবনে আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি বিচারপ্রার্থীদের জন্যও ভালো পরিবেশ নিশ্চিত করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিরা ভবনটির নির্মাণকাজের সফলতা কামনা করেন।
